logo
Advertisement

বাংলাদেশকে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট নিউজ,পঞ্চগড়
বাংলাদেশকে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (Newborn warmers) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (Breathing equipment), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (Cold chain supplies)।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করতে এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন সহ দূতাবাসের অন্যান্য প্রতিনিধিরা।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে বিকেল ৫টায় তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন এবং সীমান্তের সৌন্দর্য উপভোগ করে মুগ্ধতার কথা জানান রাষ্ট্রদূত। পরে সফরের দ্বিতীয় দিনে সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা।

সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।

বিষয় :