logo

কোমরে বাঁধা ছিল আড়াই কোটি টাকার স্বর্ণ

কোমরে বাঁধা ছিল আড়াই কোটি টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। 

আটক আলঙ্গীর খান (৫৫) দর্শনা পৌরসভার মোবারকপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় টহল দল। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি এলাকা অতিক্রমের চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে সেখান থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।