শ্রীমঙ্গলে শাবানা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, দুজনের কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। আদালত রায়ে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এ ছাড়া একই মামলার অপর দুই আসামির মধ্যে মুহিবুর রহমানকে সাত বছর এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করেন তার সৎভাই ও তাদের স্বজনেরা। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।