logo

প্রেমের টানে লক্ষ্মীপুরের তরুণী চলে এলেন ফেনীর সোনাগাজীতে

প্রেমের টানে লক্ষ্মীপুরের তরুণী চলে এলেন ফেনীর সোনাগাজীতে
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানে লক্ষ্মীপুর থেকে ফেনীর সোনাগাজীতে ছুটে এসেছেন এক তরুণী। তবে মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় অবশেষে গোপনে ঘর বেঁধেছেন এই প্রেমিক যুগল।

এ বিষয়ে বুধবার (২৭ মে) তরুণীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজীর সুজাপুর গ্রামের শেখ ফরিদের ছেলের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে লক্ষ্মীপুরে বশিকপুর গ্রামের সালমা আক্তারের পরিচয় হয়। সময়ের ব্যবধানে সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের এই সম্পর্কের বিষয়টি সম্প্রতি তরুণীর পরিবার জানতে পারলে তাদের মধ্যে বাধ সাধে।

এ নিয়ে ​ভুক্তভোগী তরুণী একটি ভিডিও বক্তব্য প্রকাশ করে, যেখানে তিনি বলেন প্রেমের বিষয়টি জানার পর তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জোর চেষ্টা চালায়। পরিবারের এমন সিদ্ধান্তের মুখে নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখতে তিনি ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপরই লক্ষ্মীপুর থেকে সোনাগাজীতে প্রেমিকের কাছে ছুটে আসেন সালমা।

​তরুণী আরও জানান, দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই উপায়ান্তর না পেয়ে উভয়ে স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

​বর্তমানে এই নবদম্পতি সুখে-শান্তিতে সংসার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা প্রাপ্তবয়স্ক হওয়ায় ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কোনো ধরনের আইনি হয়রানি না করতে এবং সম্পর্কটি মেনে নিতে উভয় পরিবারের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন এই যুগল।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।