পাচারের সময় উদ্ধার হওয়া লজ্জাবতী বানর লাউয়াছড়ায় অবমুক্ত

ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় একটি বাজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বানর দুটিকে বনের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত ২১ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় ব্যাগে বন্দি রাখা দুটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় সে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এই প্রজাতিটিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক জানান, ভারতীয় একটি ব্যাগের ভেতর রাখা অবস্থায় লজ্জাবতী বানরগুলো উদ্ধার করা হয়। শুক্রবার সকালে বানরগুলো পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। প্রথমে ময়মনসিংহ শহরে বানরগুলো নিয়ে আসার পরিকল্পনা থাকলেও পরে হালুয়াঘাট থেকে শেরপুর হয়ে পাচারের খবর পেয়ে হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে বানরগুলো উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ধরা, পাচার করা ও বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা বানর দুটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান এই প্রজাতির বানরের প্রাকৃতিক আবাসস্থল হওয়ায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এখানে বানর দুটি ছাড়ার সিদ্ধান্ত নেয়।


