logo

অস্ত্রের মুখে চলন্ত বাসে ডাকাতি, টাকা-মোবাইল লুট

অস্ত্রের মুখে চলন্ত বাসে ডাকাতি, টাকা-মোবাইল লুট
নারায়ণগঞ্জে চলন্ত বাসে ডাকাতি। ছবি : পুলিশের সৌজন্যে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড-ভূইগড় এলাকায় চলন্ত একটি বাসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ১৫ থেকে ২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) ভোররে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে জামালপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে সিফাত পরিবহনের বাসটি। পথে সাইনবোর্ড চৌরঙ্গী এলাকায় কয়েকজন যাত্রী নেমে গেলে বাসে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন।

যাত্রীদের অভিযোগ, চৌরঙ্গী এলাকা থেকে ৪-৫ জন ব্যক্তি বাসটিতে ওঠেন। তারা টাকা হারিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেন। পরে ভূইগড় এলাকায় পৌঁছালে তারা বাস থেকে নেমে পালিয়ে যান।

যাত্রীদের ভাষ্য, বাসে ওঠার পর ওই ব্যক্তিরা চালকের বুকে বড় ছুরি ধরে ভয়ভীতি দেখান। এরপর নারী-পুরুষসহ একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নেওয়া হয়।

সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব বলেন, ভোরে অভিযুক্তরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক যাত্রীদের নিয়ে কোর্ট এলাকার কাউন্টারে আসেন। সেখানে পৌঁছানোর পর যাত্রীরা বাসে লুটের ঘটনা ঘটেছে বলে জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির এশিয়া পোস্টকে বলেন, বাসটি সর্বশেষ যেখানে এসে থামে, সেই চামারি এলাকা ও আশপাশে তখন পুলিশ সদস্যরা টহলের দায়িত্বে ছিলেন। পরে যাত্রীদের কাছ থেকে জানা যায়, সাইনবোর্ডের চৌরঙ্গী এলাকা থেকে বাসটিতে লুটের ঘটনা শুরু হয়ে ভূইগড় এলাকায় এসে অভিযুক্ত ব্যক্তিরা নেমে যান। ঘটনার বিবরণ শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা ছিনতাইকারী হতে পারেন। তবে বিষয়টি তদন্ত ও অভিযোগের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, অপরাধীরা চলে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে ঘটনাটি জানান। বাসচালক বা যাত্রীরা থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।