নিষিদ্ধ দলের আগুন-সন্ত্রাসের ইতিহাস ১৯৭২ সাল থেকেই: সমাজকল্যাণমন্ত্রী

আগুন-সন্ত্রাস, সহিংসতা ও মানুষ হত্যার রাজনীতির ইতিহাস তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস ওই কার্যক্রম নিষিদ্ধ (আওয়ামী লীগ) দলের। ১৯৭২ সাল থেকেই তারা এসব কাজে সিদ্ধহস্ত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা আগুন-সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, আর কারা লাশের রাজনীতি করছে তা দেশের ইতিহাসই বলে দেয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অতীত ইতিহাস মানুষের জানা রয়েছে।
বিগত দিনের সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এ ছাড়া ১৭ বছরের গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। অথচ এসব ঘটনার প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই, মানুষের প্রতিও কোনো দরদ নেই।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, আগামীতেও দেশের মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় একইভাবে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামি হয়েও যারা উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং দিবাস্বপ্ন দেখছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ ভালো করেই জানে।
বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, দলটি সবসময় জনগণের পাশে থেকেছে। বিএনপি কখনও জনগণের প্রতিপক্ষ হয়ে রাজনীতি করেনি। পলাতক স্বৈরাচারিনীর মতো লাশের রাজনীতিতেও বিশ্বাস করে না দলটি। জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি সব ধরনের অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

