কুষ্টিয়ায় হনুমান আতঙ্ক, কামড়ে আহত ২

কুষ্টিয়া শহরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে হনুমানের উপদ্রব। বুধবার (১৫ এপ্রিল) পৃথক দুই ঘটনায় হনুমানের কামড়ে অন্তত দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তাবিব জামান (১৩) নামে এক শিশু রয়েছে। সে শহরের মিলপাড়া এলাকার বাসিন্দা মাহফুজ্জামান তিতাসের ছেলে। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শহরের আড়ুয়াপাড়া এলাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৃথক দুটি ঘটনায় এই হামলা ঘটে। একই দিনে আড়ুয়াপাড়া এলাকায় আরও একজন হনুমানের হামলায় আহত হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্কে সাইকেল চালানোর সময় হঠাৎ একটি হনুমান তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের কাছাকাছি কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে হনুমানের চলাচল বেড়েছে। কখনো ছাদে, কখনো গাছপালায় কিংবা রাস্তায় হঠাৎ সামনে এসে আক্রমণাত্মক হয়ে উঠছে তারা। এতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে হনুমানের কামড়ে আহত অবস্থায় তাবিবকে জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।