logo

হামের প্রাদুর্ভাবের মধ্যেই যশোরে জলবসন্তে একজনের মৃত্যু

হামের প্রাদুর্ভাবের মধ্যেই যশোরে জলবসন্তে একজনের মৃত্যু

দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবের মধ্যেই যশোরে চিকেন পক্সে (জলবসন্ত) আক্রান্ত হয়ে শহীদ মোড়ল (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শহীদ মোড়ল যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের আজিজ উদ্দিনের ছেলে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার মো. আহসান কবির বাপ্পি বলেন, শহীদ মোড়ল হাসপাতালে আসার আগেই তার শারীরিক অবস্থা বেশ জটিল ছিল। তাকে সকল প্রকার উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু বয়স বেশি হওয়ায় শারীরিক ইউমনিটি ছিল না। যে কারণে তিনি মারা গেছেন।

যশোরের সিভিল সার্জন ডাক্তার. মাসুদ রানা জানিয়েছেন, সংক্রামক রোগে যশোরের একজন মৃত্যু হয়েছে। 

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে যশোরে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন চালু হচ্ছে। যশোরে টিকার কোনো সংকট নেই। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার এবং উচ্চমাত্রার জ্বর বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে হাম ও পক্সের মতো সংক্রামক রোগের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।