৩ ঘণ্টার মধ্যে যশোর পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশ প্রতিমন্ত্রীর

যশোর পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কার কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২৭ মে) সকালে যশোর পৌরসভার সভাকক্ষে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের উৎসাহ দিতে নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত স্থানে যেন পৌরবাসী পশু কোরবানি দেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে ইমাম পরিষদের মাধ্যমে লিফলেট বিতরণের নির্দেশও দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, হিসাবরক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা।
সভা শেষে প্রতিমন্ত্রী যশোরের ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।
