logo
Advertisement

কুমিল্লায় ইউপি সদস্য ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ইউপি সদস্য ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া মো. পিন্টু মিয়া (পুলিশ সদস্যদের মাঝে)। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলায় মো. পিন্টু মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম।

এর আগে, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে ছিলেন আনোয়ার হোসেন। একদল লোক তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য ও হত্যাকাণ্ডে তার ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।

বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদ্‌ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।