logo
Advertisement

সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের গুলিতে বাংলাদেশি নিহত

এশিয়া পোস্ট নিউজ,হবিগঞ্জ
সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার। ছবি : গণমাধ্যম থেকে পাওয়া

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

Advertisement

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চিমটিবিল সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাসপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে চিমটিবিল এলাকায় সীমান্ত পিলারের প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি গরু আনার উদ্দেশ্যে শূন্যরেখা অতিক্রম করে প্রবেশ করেন। এ সময় সেখানে ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে তাঁদের বিরোধ ও হাতাহাতি হয়। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোহাগ মিয়া গুরুতর আহত হয়।

পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজিবি আরও জানায়, নিহত সোহাগের পরিবারের কয়েকজন সদস্য এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে চিমটিবিল বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ তাঁদের এলাকায় গোলাগুলির ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিওপি পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।

চুনারুঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশের সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।