logo

গাজীপুরে ২ জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরে ২ জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক দুই স্থান থেকে আগুনে পোড়ানো মাদ্রাসা শিক্ষার্থীসহ আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। অপরদিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ পোড়াতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে।

ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করব। পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোনো লোক মিসিং আছে কি না, সেটা আমরা খবর নিয়ে দেখব।

স্বজনদের বরাতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।