গরুর পচা মাংস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির করায় এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে গরুর পচা মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পচা মাংস ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।





