logo
Advertisement

পুলিশের প্রচেষ্টায় ২৫ বছরের রক্তক্ষয়ী দ্বন্দ্বের অবসান

এশিয়া পোস্ট নিউজ,চুয়াডাঙ্গা
পুলিশের প্রচেষ্টায় ২৫ বছরের রক্তক্ষয়ী দ্বন্দ্বের অবসান
বৈঠক শেষে এলাকাবাসীর উদ্দেশে কথা বলছেন পুলিশ কর্মকর্তা। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই পক্ষের দীর্ঘ ২৫ বছরের রক্তক্ষয়ী বিরোধের অবসান হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেশবপুর গ্রামের সালাম গ্রুপ ও মনসুর আলী চেঙ্গিস খান গ্রুপের মধ্যে প্রায় আড়াই দশক ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন আদালতে ২০ থেকে ২২টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে সংঘর্ষ, উত্তেজনা ও সামাজিক বিভাজনের কারণে গ্রামের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার (২০ জুন) আলমডাঙ্গা থানায় উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দুই পক্ষ বিরোধ নিরসনে সম্মত হয়। সমঝোতা শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে হাত মেলান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করেন। পরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

গ্রামের প্রবীণরা এই ঘটনাকে কেশবপুরের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের বিরোধের অবসানে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের মতে, জেলা পুলিশের এই উদ্যোগ শুধু দুই পক্ষের বিরোধই মেটায়নি, বরং পুরো গ্রামকে সংঘাতমুক্ত পরিবেশে ফিরিয়ে আনার পথ সুগম করেছে। দীর্ঘদিনের বিভেদ কাটিয়ে কেশবপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।