সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, রাতভর নির্যাতনের সময় ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, আমার ভাই ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলা হবে? আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ও কুপিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
