logo

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গায় এক ব্যবসায়ীর দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার সাদা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। পরে বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

তিনি জানান, দুপুরে আলমডাঙ্গা উপজেলার সাদা ব্রিজ এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণ করায় ‘মেসার্স আশাদুল হক’ নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, লাইসেন্স হালনাগাদ করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন সার, কীটনাশক ও বীজ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।