logo

রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে মিলল টাকা, উপসহকারী প্রকৌশলীকে আটক

রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে মিলল টাকা, উপসহকারী প্রকৌশলীকে আটক
উপসহকারী প্রকৌশলীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় ব্যাগে অবৈধ লেনদেনের টাকা রাখার অভিযোগে এক উপসহকারী প্রকৌশলীকে আটক করে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দ্বায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম। বৃহস্পতিবার বিকেলে বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী কাগজপত্র দেখতে চাইলে মুহূর্তে সে স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী আকরাম।

এসময় পেছন পেছন ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই প্রকৌশলী। এতে সৃষ্টি হয় বাগ্‌বিতণ্ডা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে নগদ একলাখ এবং তার পকেট থেকে আরো পঞ্চাশ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। এর আগে টাকার পরিমাণ এবং নগদ এতগুলো টাকা সঙ্গে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে তাকে অসংলগ্ন কথা বলতে শোনা যায়।

তবে টাকাগুলো তার নিজের এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্য সঙ্গে রেখেছিলেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম।

এদিকে, দ্বায়িত্ব পালনকালে সঙ্গে এতগুলো নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান এশিয়া পোস্টকে জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয়সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।