দল-মত নির্বিশেষে নোয়াখালী বিভাগ চাই: হান্নান মাসউদ

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
দল-মত নির্বিশেষে নোয়াখালী বিভাগ চাই: হান্নান মাসউদ
আবদুল হান্নান মাসউদ। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী অঞ্চলে নির্বাচিত সব এমপিকে দল-মত নির্বিশেষে একসঙ্গে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার দাবি উপস্থাপন করতে আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সংসদে একাকী লড়াই না করে, সবাই মিলে এই সরকারের আমলেই আমরা নোয়াখালী বিভাগ আদায় করতে চাই।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক বিশাল পথসভায় তিনি এ কথা বলেন।

নদীভাঙনের বিষয়ে হান্নান মাসউদ বলেন, হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই নদীভাঙনের অভিশাপ থেকে একসঙ্গে মুক্তি চাই।

তিনি বলেন, সারা বাংলাদেশে যেভাবে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, সীমান্তে পুশ-ইন করা হচ্ছে এবং নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে—তার বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি (দক্ষিণাঞ্চল)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার মানুষের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিয়েছে। তাদের আমলে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন মাঝে মাঝে আসে। বিদ্যুতের পরিবর্তে জনগণ পেয়েছে হারিকেন আর মোমবাতি।

তিনি বিদ্যুৎমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন যে দেশে কোনো লোডশেডিং নেই। আমরা মন্ত্রীকে বলতে চাই—আপনার কথা সত্য, তবে তা কেবল আপনার বাসায় ও অফিসে। জনগণ এই প্রহসন চায় না, তারা লোডশেডিংমুক্ত বাংলাদেশ চায়।

জাতীয় নির্বাচন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে, তবে তা ছিল ফল প্রকাশের আগে। আর এবার আমরা দেখলাম ফল প্রকাশের পরে ভোট চুরি হয়েছে। আগে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের পরে বিএনপি এই ভোট চুরি করেছে।

তরুণ প্রজন্মের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে হাসনাত বলেন, প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে যদি মনে করেন দেশ সুপথে পরিচালিত করছেন কিংবা জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করবেন—তাহলে ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। কিন্তু গত ৬ মাসে ১টিও নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেন নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, গত ৬ মাসে কর্মসংস্থানের কোনো সার্কুলারই দেখা যাচ্ছে না।

পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

বিষয় :নোয়াখালী