logo

জামালপুরে হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু হাসপাতালে ভর্তি

জামালপুরে হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু হাসপাতালে ভর্তি

জামালপুরে হামের উপসর্গ নিয়ে শিশু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ২৬ জন শিশু হাম উপসর্গে হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নবজাতক ও অল্পবয়সি শিশু, যাদের বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহানুর রহমান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল থেকে জানা যায়, চলতি বছরের ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত রোগীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জরুরি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের টিকাদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সোহানুর রহমান বলেন, প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন করে নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ২৪ ঘণ্টায় আরো ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে আলাদা করে আইসোলেশন রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সবাই শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।