ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত

খুলনার দৌলতপুরের দেয়াড়া গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকানিকে লক্ষ্য করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীর গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট-সংলগ্ন পপুলার পাঠ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে উপস্থিত থাকা তিনজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। প্রথমে তিনি তাদের পরিচিত কেউ মনে করলেও পরে বুঝতে পারেন তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে একজন অস্ত্র বের করে।
ছিনতাইকারীদের একজনকে তিনি শক্তভাবে ধরে রেখেছিলেন। এ সময় অন্য সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে ভুলবশত নিজেদেরই এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলেই ওই ছিনতাইকারীর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত দোকানি তৈমুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিঘলিয়া থানার উপপরিদর্শক স্বপন বলেন, আমার ডিউটি শেষ হওয়ার পরে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনার বিস্তারিত এখনও কিছু জানা যায়নি, তদন্ত চলছে।