logo

বগুড়ায় অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
বগুড়ায় অনলাইন প্রতারণা ও অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন আসামি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে। ছবি : এশিয়া পোস্ট

অনলাইনে অ্যাকাউন্ট খুলে বেশি লাভের প্রলোভনে অর্থ সংগ্রহ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা-বনানী সড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. নাজিম উদ্দিন (৪২), মো. ওবায়দুর রহমান (৪০) ও মো. নুরুল ইসলাম (৪১)। নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমানের বাড়ি শাজাহানপুর উপজেলায় এবং নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি ইকবাল বাহার।

ডিবির দাবি, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখলে বেশি লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আরও টাকা সংগ্রহ করত। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন পরিচালনা করে আসছিল।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের ব্যবহৃত মুঠোফোনে বাইন্যান্স, ক্রস মার্কেট, প্ল্যাটিন পাসপোর্ট, অ্যাব্রিক্স ল্যাবস ও ফান্ড এফএক্স নামের অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্টও সক্রিয় ছিল। প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন অ্যাপে লেনদেনের প্রমাণ মিলেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।