ঘুষের ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এ নোটিশ দেওয়া হয়।
এর আগে, সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন নিজ কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। টাকা নেওয়ার পর নিজের চেয়ারে বসে তাকে বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা সরোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
শোকজের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এশিয়া পোস্টকে জানান, ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অভিযুক্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এ বিষয়ে জরুরি সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মে জড়িত কারও বিরুদ্ধে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।
.png)






