logo

নড়াইলে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

নড়াইলে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত প্রায় ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মিজানুর মুন্সি, ইজাজুল মুন্সি, আজিজুল মুন্সি, হানিফ সরদার, খাজা সরকার, আজাদ সরদার, রবিউল ইসলাম, বাচ্চু মোল্যা, রাফেজা বেগম ও সাইদুর সরদার।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।