logo

কুমিল্লায় তিন দিনে আটক ৪৯৬ জন

কুমিল্লায় তিন দিনে আটক ৪৯৬ জন
কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে আটক কয়েকজনকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত তিন দিনের এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ সর্বমোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পুলিশ। প্রাথমিক তদন্তে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ৩২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে যাচাই-বাছাইয়ে অপরাধের কোনো প্রমাণ না পাওয়ায় আটক ব্যক্তিদের মধ্য থেকে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে।