Advertisement

পোশাক কারখানায় পানি পান করে হাসপাতালে ২ শতাধিক শ্রমিক

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
পোশাক কারখানায় পানি পান করে হাসপাতালে ২ শতাধিক শ্রমিক
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতাবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

কারখানাটির জিএম কাজী সফিক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কারখার একজন মেয়ে শ্রমিক বমি করে। পরে সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। সাড়ে ৯টার দিকে আরও ৫-৬ জন অসুস্থ হয়ে যায়। পরে আমরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। পরে আমরা কারখানা ছুটি দিয়েছি। তবে আমাদের কারখানার যে পানি সেটিতে কোনো সমস্যা নেই।