মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ বস্তু (ধাতব বস্তু) উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন। এর আগে রোববার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়ির পাশে ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এসময় মাটির গর্ত খুঁড়তে গিয়ে শ্রমিকদের কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। পরে সেটি মর্টার শেলের মতো দেখতে মনে হলে শ্রমিকরা বিষয়টি জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানান। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। উদ্ধার হওয়া বস্তুটি কত বছরের পুরোনো, কীভাবে সেখানে এসেছে কিংবা এটি কোন ধরনের বিস্ফোরক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জমির মালিক মাস্টার সৈয়দ আহামদ জানান, নতুন পাকা বাড়ি নির্মাণের উদ্দেশ্যে বাড়ির পাশের ভিটি জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা কোদালের আঘাতে বস্তুটি দেখতে পান। পরে শ্রমিকদের কাছ থেকে বিষয়টি জেনে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি (ধাতব বস্তু) ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি অনুযায়ী বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।
