সাভারে শীর্ষ সন্ত্রাসী বাবুলের ঝুলন্ত লাশ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে শীর্ষ সন্ত্রাসী বাবুলের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

সাভারে হত্যাসহ এক ডজন মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী বাবুল ওরফে কানা বাবুলের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে সাভার পৌর এলাকার দিলখুশাবাগের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বাবুল ওই এলাকার মৃত আহমেদ আলীর ছেলে। জানা গেছে, সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানা বাবুলের বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপারমার্কেট ‘রাজ্জাক প্লাজা’র নাইট গার্ডকে হত্যাসহ একাধিক খুন, ডাকাতি, ছিনতাই ও মাদকের অন্তত এক ডজন মামলা রয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, বুধবার সন্ধ্যায় নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবুল। রাত ১১টার দিকে প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয় :সাভার