logo

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

এর আগে, গত শনিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি। এ উদ্যোগের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা অনুযায়ী, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে দুই বিশ্ববিদ্যালয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট