সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির ‘জিরো টলারেন্স’

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের দীর্ঘ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। পুশইন ঠেকাতে ‘জিরো টলারেন্স’ বা শুন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী।
একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরবচ্ছিন্ন নজরদারির পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
বুধবার (২৭ মে) এক বিবৃতিতে দিনাজপুর বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনের পাশাপাশি পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) বিজিবির নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও, আসন্ন ঈদের ছুটিতেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু পাচাররোধ করে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষায় চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন ঠেকাতে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশরোধে সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে সীমান্তবর্তী বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
