চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচৌ এলাকার পাটোয়ারী বাড়ির সামনে বাসের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের উপর ছিটকে পড়েছে।
.png)


