logo

টানা বর্ষণে যমুনায় পানি বেড়েছে ১১১ সেন্টিমিটার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
টানা বর্ষণে যমুনায় পানি বেড়েছে ১১১ সেন্টিমিটার
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। ছবি: এশিয়া পোস্ট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে পানি বৃদ্ধি পেলেও বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২৭ মে) জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১২ দশমিক ৯০ মিটার।

পাউবোর তথ্য বলছে, গত পাঁচ দিনে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে নদীর পানি মোট ১১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত প্রতিদিন যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার।

গত পাঁচ দিনে এই পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত এ পয়েন্টে যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে টানা পাঁচ দিন ধরে যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আরও দুই থেকে তিন দিন পানি বাড়তে পারে। এরপর কয়েক দিন পানি স্থিতিশীল থাকতে পারে। তবে বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।

তবে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।