logo

পটুয়াখালীর ২৫ গ্রামে বুধবার ঈদ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
পটুয়াখালীর ২৫ গ্রামে বুধবার ঈদ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষ এদিন সকালে ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করবেন দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।

দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের মানুষ একদিন আগে রোজা শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহাও উদযাপন করেন।

জেলার গলাচিপার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজহাওলা, কানকুনিপাড়া ও মৌডুবি; বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, কনকদিয়া ও আমিরাবাদ; কলাপাড়ার নিশানবাড়িয়া ও ইটবাড়িয়া; এছাড়া শহরের নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুরে বুধবার ঈদ উদযাপন করা হবে।

তারা সবাই হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।