শিক্ষকের নির্যাতনে অসুস্থ মাদ্রাসাছাত্রকে বাঁচানো গেল না

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠা ৯ বছর বয়সি শিশু আরাফাত হোসেন আদিব মারা গেছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের কামলা বাড়িতে সে শেষনিশ্বাস ত্যাগ করে।
আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। সে লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের নবম পারার শিক্ষার্থী ছিল।
আদিবের মা আয়েশা আক্তারের অভিযোগ, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ গত দুই বছর ধরে হোস্টেলে রেখে তার ছেলেকে নির্যাতন করে আসছিলেন। গত ১৫ অক্টোবর মাদ্রাসায় আদিবকে মারধর করা হয় এবং একপর্যায়ে তাকে আছাড়ও মারা হয়।
মায়ের দাবি, ওই ঘটনার পর আদিবের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তার লিভারে সমস্যা দেখা দেয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে আদিবের মায়ের বক্তব্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি ছেলের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
নাম প্রকাশ না করার শর্তে আদিবের এক স্বজন মুঠোফোনে জানান, সোমবার সকাল ১০টার দিকে আদিব মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি হিসেবে তারা থানায় অবস্থান করছেন।
স্থানীয়দের দাবি, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রুমা জানান, আদিবের স্বজনেরা মামলা করার জন্য থানায় এসেছেন। এ বিষয়ে ওসির সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
