Advertisement

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: এশিয়া পোস্ট

১৬ জুলাই ‘গোপালগঞ্জ হত্যা দিবস’-এর প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা (উত্তর) জেলা শাখার সহসভাপতি মো. জহির উদ্দিন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রনি ও যুগ্ম আহ্বায়ক ইমরান আরেফিন ইমুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘দেবিদ্বারের মাটি, কালাম ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রনি জানান, ২০২৪ সালের এই দিনে একটি গোষ্ঠী ক্ষমতা দখলে গোপালগঞ্জে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ১৬ জুলাই গোপালগঞ্জ হত্যা দিবসের প্রতিবাদে আজ আমরা এ বিক্ষোভ মিছিল করেছি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য ছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করবে। সেই লক্ষ্যে আমরা গত রাত থেকে ওই সড়কে টহল জোরদার করি। আজ শুনলাম তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তদন্তের স্বার্থে এবং ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করব।

বিষয় :কুমিল্লা