Advertisement

গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার
ডা. সামির হোসেন মিশু। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত নাশকতার মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনট মোড় এলাকার ‘হোটেল মকটেল’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও পূর্বে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই চিকিৎসক বর্তমানে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এলাকায় তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এবং সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ‘পুন্ড্র পদক’ও পেয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হোটেল মকটেলে একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অনুষ্ঠানমঞ্চে কেক কাটার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিষয় :