ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
ইয়াবাসহ উপজেলা বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ এমরান হোসেন রুবেল (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আজিজুল হক (৪৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলা সদরের জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এমরান জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা সদরের তেলিয়াপাড়া আবাসিক এলাকায় বসবাস করেন। এ ছাড়া আজিজুল হক উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। রুবেলের কাছ থেকে আমরা এটা আশা করিনি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গেও ও এমপির সঙ্গে কথা বলেছি। তার ব্যাপারে দলীয় যে সিদ্ধান্ত আসবে, সেটাই বাস্তবায়ন করব আমরা।