logo

ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার 

ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার 

ফেনী সদর উপজেলায় গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়িসংলগ্ন স্থানে বদরুল আমীনের খামার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, খামার মালিক বদরুল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে। এ জন্য সে অস্ত্রটি বদরুলের খামারে রেখেছিল। 

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার এশিয়া পোস্টকে বলেন, ‘বদরুলের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, বদরুল যুবদলের নেতাকর্মী তো দূরের কথা, সে সমর্থকও নয়।’

 

ফেনীর আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ অন্যান্য জিনিস ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এশিয়া পোস্টকে বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।