মেঘনার তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রামের নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে মেঘনা নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় চৌকিদারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, মরদেহটির শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। নিচের অংশে দুটি প্যান্ট ছিল। এরমধ্যে একটি পরা এবং অন্যটি অর্ধেক খোলা অবস্থায় দেখা যায়।
স্থানীয়দের ধারণা, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি নদী থেকে ভেসে এসে তীরে আটকে থাকতে পারে। তবে এটি স্থানীয়দের ধারণা, পুলিশ এখনও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।
স্থানীয় চৌকিদার মেহেদী হাসান জানান, সকালে কয়েকজন বাসিন্দা ফোন করে মেঘনার তীরে মরদেহ পড়ে থাকার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



