logo

রমজানে গ্যাস সিলিন্ডার মজুত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে গ্যাস সিলিন্ডার মজুত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ডগ্রী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

অভিযানে লাইসেন্সবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুত, অতিরিক্ত দামে বিক্রি, বেচাকেনার রসিদ সংরক্ষণ না রাখা এবং ফল ও কাঁচামালের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে লাকি হার্ডওয়্যারের মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা, রাজন হার্ডওয়্যারকে ৩ হাজার টাকা এবং ফল ও কাঁচামালের এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।