রাতভর খোঁজাখুঁজির পর ভুট্টাক্ষেতে মিলল জলিলের মরদেহ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল জলিল (২২) ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে জলিল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আশপাশের এলাকা তল্লাশি করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় নেওয়া হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে তদন্ত চলছে।