logo

রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল সাকিবের মরদেহ

রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল সাকিবের মরদেহ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রামগোপালপুর বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন ঠাকুরবাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব (২০) রামগোপালপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় বাজারে চাচার মিষ্টির দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে রামগোপালপুর বাজারে যাওয়ার কথা বলে সাকিব বাড়ি থেকে বের হন। তবে রাত গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। সকালের দিকে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাকিবের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে গৌরীপুর থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচা শিবুল মিয়া জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোনটি ঘরেই রেখে গিয়েছিল। রাত থেকে সকাল পর্যন্ত এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সকালে মানুষের হট্টগোল শুনে ঘুম ভাঙে। বাইরে এসে দেখি সাকিবের মরদেহ পুকুরে ভাসছে। ঘটনাটি কীভাবে ঘটল কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।