কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মেইজ্জারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল কাশেম স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।