logo
Advertisement
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে
এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ফেলা ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : এশিয়া পোস্ট

বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনে বিদেশি প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে অবৈধভাবে ফেলা ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক ল্যান্ডফিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্যকে সম্পদে রূপান্তর করার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে সফলভাবে কাজ করছে। বাংলাদেশেও এসব প্রযুক্তি কাজে লাগানো সম্ভব হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বিকল্প জ্বালানি ও কৃষি খাতে প্রয়োজনীয় জৈব সারের জোগান নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার ছুটির সময় এশিয়ান হাইওয়ের পাশে বিপুল পরিমাণ ময়লা ফেলা হয়, যা দৃষ্টিকটু পরিবেশ সৃষ্টি করে এবং জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

মীর শাহে আলম বলেন, শুধু তাৎক্ষণিকভাবে ময়লা অপসারণ করাই নয়, ভবিষ্যতে যাতে কোনোভাবেই মহাসড়কের পাশে বর্জ্য ফেলা না হয়, সে জন্য কঠোর নজরদারি ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান নিশ্চিত করতে রূপগঞ্জ পৌরসভার আওতায় একটি আধুনিক ও পরিবেশসম্মত ল্যান্ডফিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা গেলে রূপগঞ্জসহ আশপাশের এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। একইসঙ্গে পরিচ্ছন্ন ও টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।