ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের রফিক মিয়ার ছেলে ছাত্রদল কর্মী রাব্বি (২১) এবং শ্রীরামপুর ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)।
দুর্ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাতরিমন এবং মাসুম। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিমন তার মোটরসাইকেলে রাব্বিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে নারুই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিফাত বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের চিকিৎসা চলছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।