নেশার টাকা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন।
এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশার জন্য টাকা না পেয়ে মাইনুল উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জনতার গণধোলাই থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।