স্টেশন পরিষ্কার করে জমানো টাকাও গেল, প্রাণও গেল বুবির

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
স্টেশন পরিষ্কার করে জমানো টাকাও গেল, প্রাণও গেল বুবির
ববি বেগম। ছবি : এশিয়া পোস্ট

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নৃশংস নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। স্থানীয়দের কাছে তিনি ‘বুবি’ নামে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বুবির শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হলে, হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসে নামেন এই বাক্‌প্রতিবন্ধী নারী। এরপর আর কোথাও ফিরে যাননি, স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী ঠিকানা। প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার করে পাওয়া বকশিশ এবং স্থানীয়দের দেওয়া সামান্য সাহায্যে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন তিনি। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার থাকার কক্ষে ঢুকে সেই সঞ্চিত টাকা দাবি করে। বুবি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং টাকা লুটে পালিয়ে যায় তারা। পরদিন ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সামাজিক সংগঠন তার চিকিৎসা ও সহায়তায় এগিয়ে আসে। কিন্তু শেষ রক্ষা হলো না।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, রাতে স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের পর রায়পুরায় দাফন করা হবে।

তিনি আরও বলেন, গত ৫ জুলাই রাতে প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি, হামলায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

বিষয় :নরসিংদী