উত্তরের জনতা জড়ো হচ্ছেন ১১ দলীয় জোটের সমাবেশস্থলে

খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহীতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে যোগ দিতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
শনিবার (১৬ মে) দুপুর সোয়া ২টা থেকে নেতাকর্মীরা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেন।
রাজনৈতিক এই কর্মসূচিকে ঘিরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে সরব হয়ে উঠছে সমাবেশস্থল ও আশপাশের সড়কগুলো।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি তুলে ধরা হবে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
জোটের নেতারা জানান, সমাবেশে দেশের জনগণ বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে চরম ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা থেকে উত্তরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই কর্মসূচি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।
আয়োজকদের দাবি, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই সমাবেশ সফল হবে।
সমাবেশকে সফল করতে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
