logo

মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় কৃষিকর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় কৃষিকর্মকর্তা গ্রেপ্তার
কৃষিকর্মকর্তা মো. সাঈদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষিকর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ এশিয়া পোস্টকে বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, আশুলিয়া থানার একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। এ বিষয়ে এর বেশি কিছু তার জানা নেই।