অভিনব কায়দায় প্রতারণা, আড়াই লাখ টাকার স্বর্ণালংকার খোয়ালেন নারী

ঝিনাইদহে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের কেসি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছা. আফরোজা পারভীন ইভা শৈলকুপা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মেয়ের স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি ইভাকে আপু বলে ডেকে থামান। কিছুক্ষণ পর আরও দুজন সেখানে এসে নিজেদের মধ্যে কেক তৈরির উপকরণ ক্রয়-বিক্রয় নিয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে তারা ইভাকে সাক্ষী হিসেবে সেখানে দাঁড়িয়ে থাকতে অনুরোধ করেন এবং কৌশলে তাকে কথোপকথনের মধ্যে জড়িয়ে ফেলেন।
প্রথম ব্যক্তি নিজেকে ঢাকার মিরপুরের বাসিন্দা পরিচয় দিয়ে বলেন, তার কাছে নগদ অর্থ না থাকায় কেক তৈরির উপকরণ বিক্রি করে ঢাকায় ফেরার খরচ জোগাড় করতে চান। দ্বিতীয় ব্যক্তি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং তৃতীয় ব্যক্তি নিজেকে মুন্সি মার্কেটের ‘লিজা’ নামের একটি কেকের দোকান মালিকের ছেলে হিসেবে পরিচয় দেন। এমনকি মোবাইল ফোনে কথিত দোকানমালিকের সঙ্গেও কথা বলানোও হয়।
প্রতারকরা বলেন, উপকরণের প্যাকেটটি দোকানে নিয়ে গেলে ৪ লাখ ৩০ হাজার টাকা পাওয়া যাবে। বিনিময়ে তাকে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। পরে তারা ভুক্তভোগীকে তার স্বর্ণালংকার জামানত হিসেবে রাখতে বলেন।
ইভা তার পরিহিত স্বর্ণালংকার তাদের হাতে তুলে দেন। যার মোট আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
এরপর প্রতারকরা একটি প্যাকেট দিয়ে তাকে মুন্সি মার্কেটের ‘লিজা’ নামের দোকানে পাঠান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন, দোকান কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না এবং ওই ব্যক্তিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পরে ঘটনাস্থলে ফিরে এসে অভিযুক্তদের আর খুঁজে পাননি।
ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রতারকদের শনাক্ত করা সম্ভব। কেন তিনি স্বর্ণালংকার জামানত রেখে ওই প্যাকেট ডেলিভারি দিতে গেলেন জানতে চাইলে ইভা বলেন, তখন তিনি ঠিক বিষয়টি বুঝে উঠতে পারেননি। তিনি প্রতারকদের কথার ফাঁদে পড়ে যান।
এ বিষ য়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।